বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাতিমারাপাড়া পাহাড়ি এলাকা থেকে সুমিঅং তঞ্চঙ্গ্যা (২৫) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির টহল দল তাকে আটক করে।

পুলিশ জানায়, আটক সুমিঅং তঞ্চঙ্গ্যা মিয়ানমারের রাখাইন রাজ্যের কালারডেবা মংডু আখিয়াব এলাকার বাসিন্দা অংছিপু তঞ্চঙ্গ্যার ছেলে। সীমান্তবর্তী পথ ব্যবহার করে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন- সীমান্ত অঞ্চলে স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কয়েকজন সদস্যের সহায়তায় তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, আটক মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি স্থানীয় ও আন্তঃসীমান্ত মাদক চক্রগুলোকে শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি ও পার্বত্য সীমান্ত অঞ্চলে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ এবং মাদক পাচার বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী নজরদারি আরও জোরদার করেছে।