বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী মিয়ানমারের ৫৩ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এসময় আটক করা বাংলাদেশি ৫ মানব পাচারকারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, রোববার (১২ জানুয়ারি) বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়। 
এ ঘটনায় মামলা দিয়ে ওই পাঁচজনকে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মানব পাচারকারীরা হলেন- বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে ১১ জানুয়ারি ভোরে ৫৩ জন পালিয়ে নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এসময় বিজিবির হাতে ধরা পড়েন তারা। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করেন আলীকদম বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা।

-পার্বত্য সময়