বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ দেশীয় বন্দুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে কুরখং এলাকার দক্ষিণ পাশে পাহাড়ের ঢালুতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, তার নেতৃত্বে এসআই ফেরদৌস, এএসআই মুজাহিদসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় সাদা প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মালিক বা ব্যবহারকারীদের শনাক্তে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত কোনো ব্যক্তি না থাকলেও, পাহাড়ি এলাকায় সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের উপস্থিতির প্রমাণ হিসেবে এই উদ্ধার অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রগুলো বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।