বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আরাফাতুর রহমান (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সাপমারা ঝিরি সংলগ্ন নোম্যান্সল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আরাফাত ওই এলাকার খুইল্লা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি চোরাকারবারি দল মিয়ানমার থেকে চোরাইপণ্য আনতে সীমান্ত অতিক্রম করে। এ সময় আরাকান আর্মির পেতে রাখা মাইন বিস্ফোরিত হলে আরাফাতের বাঁ পায়ের নিচের অংশ উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, চোরাই পণ্য আনতে গিয়ে মাইন বিস্ফোরণে যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, স্থল মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে বলে খবর পেয়েছি।