রাঙামাটির প্রশাসনিক ইতিহাসে নতুন মাইলফলক স্থাপিত হলো। জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নাজমা আশরাফী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ডিসিকে স্বাগত জানিয়ে তারা রাঙামাটির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণের পর নাজমা আশরাফী প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং জেলার চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সকলের সহযোগিতা নিয়ে রাঙামাটিকে আরও গতিশীল প্রশাসনিক কাঠামোর দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নাজমা আশরাফীকে রাঙামাটির জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি উপ-সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে কর্মরত ছিলেন। তার দায়িত্ব গ্রহণকে রাঙামাটির নারী নেতৃত্ব ও প্রশাসনিক অগ্রগতির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


