দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বিভিন্ন দুর্গম উপজেলায় ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। প্রথম দফায় মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে চার উপজেলায় এ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়।

রাঙ্গামাটি নির্বাচন অফিস সূত্র জানায়, দুর্গম বিবেচনায় প্রথম দফায় জেলার চারটি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ব্যালট, স্ট্যাম্প প্যাড, সিলসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী।

চার উপজেলার যোগাযোগম মাধ্যম নৌপথে। জেলার বরকল উপজেলায় ৩৮ হাজার ৪৭৮টি, জুরাছড়িতে ১৯ হাজার ৬১১টি, বাঘাইছড়ি ৭৬ হাজার ৩৮৩টি ও বিলাইছড়িতে ২৩ হাজার ১১৭টি ব্যালট পেপার পাঠানো হয়েছে।

স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসাররা এ ব্যালট বুঝে নিয়ে পুলিশি পাহারায় নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

জুরাছড়ি উপজেলা নির্বাচন অফিসার মো. বিল্লাল মেহেদি বলেন, ‘রাঙ্গামাটি ট্রেজারি ভবন থেকে জুরাছড়ি উপজেলার জন্য বরাদ্দকৃত ব্যালট পেপার ও অন্যান্য সামগ্রী বুঝে পেয়েছি। সেগুলো নিয়ে যাচ্ছি। আমাদের সঙ্গে পুলিশের একটি টিম রয়েছে। আশা করছি ৩ ঘণ্টার মধ্যেই জুরাছড়ি পৌঁছে যাব।’

 

-পার্বত্য সময়