পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সংগঠন বিস্তারে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করতে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার জেলার সমন্বয়ে একটি অঞ্চলভিত্তিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমন সায়েম। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মনিলা খুশী ও ইয়ামা ইবনে মাহবুব। কক্সবাজার জেলার প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ সুশান্ত উদ্দিন ও ইন্তেখাবুল ইসলাম।
দলটির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নতুন আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে চারটি জেলার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রস্তাব করবে এবং তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেবে।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি পার্বত্য অঞ্চলে একটি বিকল্প গণমুখী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায়, যেখানে সকল জাতিসত্তা ও জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

-পার্বত্য সময়