বান্দরবানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম দুঃখপ্রকাশ করেছেন। একইসঙ্গে তার দলকে বান্দরবানে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে 'বান্দরবান ছাত্রসমাজ' নামে একটি প্ল্যাটফর্ম।
রোববার (২০ জুলাই) বিকেলে এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, “বান্দরবান নিয়ে কিছুদিন আগে একটি বক্তব্যে অনাকাঙ্ক্ষিত শব্দচয়ন হয়েছে—এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।” তিনি আরও বলেন, “আমরা লড়াই করব সকল জাতিগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা নিয়ে; জুলাই পদযাত্রা থেকে এটাই আমাদের অঙ্গীকার।”


এর আগে, একই দিন দুপুরে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ‘বান্দরবান ছাত্রসমাজ’। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল। তিনি জানান, ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করেন।
এই বক্তব্যকে “চরম নিন্দনীয়, অবমাননাকর ও প্রত্যাখ্যানযোগ্য” বলে আখ্যায়িত করেন আসিফ ইকবাল। তিনি বলেন, “একজন জাতীয় নেতার মুখে এমন কটূক্তি পার্বত্য চট্টগ্রামের প্রতি রাষ্ট্রীয় অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। একটি জেলার মর্যাদাকে ক্ষুণ্ণ করে অপরাধীদের শাস্তির স্থান হিসেবে উল্লেখ করে এখানকার জনগণকেই অপমান করা হয়েছে।”

-পার্বত্য সময়