জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের সংগঠক এবং পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন দলের খাগড়াছড়ি জেলার প্রস্তাবিত কমিটির এক যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।
শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাসেল অভিযোগ করেন, পার্বত্য জেলা পরিষদের আওতায় থাকা গুইমারা বাজারের ইজারার শেয়ারের লেনদেন থেকে ৯ লাখ ২৫ হাজার টাকা লাভ হলেও, তাঁকে মাত্র ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
রাসেলের ভাষ্যমতে, “এই লেনদেনের পুরো প্রক্রিয়ায় ঝুমা নিজেই জড়িত ছিলেন। অথচ সব টাকা রেখে দিয়ে আমাকে নামমাত্র অর্থ দেওয়া হয়েছে। এটা আমি মেনে নিতে পারি নাই।”
তিনি আরও দাবি করেন, মনজিলা ঝুমা জেলা পরিষদের সদস্য পদ ব্যবহার করে সরকারি প্রকল্পের অর্থও নিজের কাজে ব্যবহার করছেন। তাঁর ভাষায়, “জেলা পরিষদ থেকে জনগণের জন্য বরাদ্দ প্রকল্পগুলোও উনি নিজের নামে নিয়ে নিয়েছেন। এনসিপিকে ব্যবহার করে কেউ যদি নিজের স্বার্থসিদ্ধি করতে চায়, তাহলে তাদের ওপর দলের দায়িত্ব থাকা উচিত নয়।”
রাসেল জানান, তিনি এনসিপির কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছেন। “উনি আমাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন,” বলেন তিনি।
ঝুমার পাল্টা প্রতিক্রিয়া
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মনজিলা সুলতানা ঝুমা অভিযোগগুলো প্রত্যাখ্যান করে বলেন, “রাসেল আমাদের দলের একজন সাধারণ কর্মী মাত্র, মাঝে মাঝে আমাদের কর্মসূচিতে অংশ নেয়। তার সঙ্গে আমার আর্থিক লেনদেনের কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “২১ জুলাই আমাদের একটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচি রয়েছে। সেটি বানচাল করার জন্য রাসেল পরিকল্পিতভাবে অন্য রাজনৈতিক দলের সঙ্গে মিলে এসব করছে। তার ফেসবুক পোস্ট অন্য দলের লোকজন শেয়ার করছে, যা প্রমাণ করে যে এটি উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক ষড়যন্ত্র।”
ঝুমা দাবি করেন, “এই অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই। আমি আইনি উপায়ে এর মোকাবিলা করব।”
দলের অভ্যন্তরে দ্বন্দ্বের ইঙ্গিত
এনসিপি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে প্রভাব বিস্তার, জেলা কমিটি গঠন ও অর্থনৈতিক স্বচ্ছতা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। মনজিলা ঝুমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই বিরোধেরই বহিঃপ্রকাশ হতে পারে বলে দলের অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা মনে করছেন।
এ বিষয়ে এনসিপি কেন্দ্রীয় দফতর থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

-পার্বত্য সময়