‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে রাঙামাটিতে পদযাত্রা ও পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২০ জুলাই) দুপুরে শহরের শিল্পকলা একাডেমি থেকে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তবে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।
এনসিপির মাসব্যাপী "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পর্বটি হচ্ছে এই রবিবার। দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রা শুরু হয়ে বনরূপা পুলিশ বক্স হয়ে শহরের বাজার এলাকায় জনসংযোগের মাধ্যমে শেষ হবে।
এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় সমর্থক ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের কথা রয়েছে। এর মূল উদ্দেশ্য-'স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ'-এর চেতনায় জনগণকে সম্পৃক্ত করা, গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানানো।
এনসিপির দাবি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাধারণ ছাত্র-জনতার জাগরণের প্রতীক। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা ১ জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত।
এদিকে এনসিপির এই কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কক্সবাজারে আয়োজিত এক সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল। তারা অভিযোগ করে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে অশোভন মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৯ জুলাই) রাতে জেলা ছাত্রদল রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুগ্ম সম্পাদক ফজলুল ইসলাম ও অলি আহাদ বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা সমাবেশ করেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু বিএনপি বা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করলে তা বরদাশত করা হবে না। আগামীকালকের কর্মসূচিতে নাসীর পাটওয়ারী যেন উপস্থিত না থাকেন।”
-পার্বত্য সময়


