বছরের প্রথম দিন পাহাড়ের কোমলমতি শিশুদের মুখে হাসি ফুটল। মাতৃভাষায় রচিত নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার (১ জানুয়ারি) সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির স্কুলে স্কুলে বই উৎসব পালিত হয়েছে। বই উৎসবে উপজাতি শিশুদের মাঝে বাড়তি আমেজ তৈরি করেছে মাতৃভাষার বই।
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বছরের প্রথমদিনে খাগড়াছড়ির ৩৮ হাজার ২৯১ জন উপজাতির মাঝে মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এ সময় প্রাক–প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের মাতৃভাষায় ভাষায় রচিত ১ লাখ ৫ হাজার ১১২টি বই বিতরণ করা হয়। এর মধ্যে চাকমা ভাষার শিক্ষার্থী ১৬ হাজার ১৪৮ জন, মারমা ভাষার শিক্ষার্থী ১০ হাজার ৬৫ জন এবং ত্রিপুরা ভাষার শিক্ষার্থী ১১ হাজার ৭১২ জন।
খাগড়াছড়ির সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন জানান, বছরে শুরুতে আমরা শতভাগ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেছি। কোনো ঘাটতি নেই। এছাড়া এখানে মাতৃভাষায় রচিত বইও দেয়া হয়েছে। মাতৃভাষায় শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রশিক্ষিত শিক্ষক রয়েছে। পাঠদান ব্যাহত হবে না। জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৪২৪ জন শিক্ষার্থীর মাঝে চার লাখ ৩০ হাজার ৩৬৭টি নতুন বই বিতরণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে বই উৎসবে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নীলোৎপল খীসা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।
এদিকে পাহাড়ি জেলা রাঙামাটিতেও আড়ম্বর আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গোধূলী আমানতবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে পাঠ্য বইয়ের পাশাপাশি উপজাতি শিক্ষার্থীদের মাঝে তাদের মাতৃভাষার বই বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষীকেশ শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হয়, জেলায় এইবার সর্বমোট ৩ লাখ ৮৬ হাজার ৭৮৯টি পাঠ্য বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়েছে। পাঠ্য বইয়ের পাশাপাশি চাকমা জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার ২০৫টি, মারমা জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার ৩২৯টি এবং ত্রিপুরা জনগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৯৩৪টি বইসহ উপজাতি শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৬৩ হাজার ৪৬৮টি তাদের স্ব–স্ব মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে।
-পার্বত্য সময়

