বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে লুসাই মং এবং সাধারণ সম্পাদক হিসেবে রুবেল বড়ুয়া নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বান্দরবান সদরের নবোদয় সংঘ’র হলরুমে ফ্রন্টের বর্ধিত সভা ও কাউন্সিল অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কার্যক্রম শুরু হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাউন্সিল শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহ্বায়ক লুসাই মং। সঞ্চালনায় ছিলেন সাচিং মারমা ও আনন্দ তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর বিএনপির সদস্য সচিব বাবু চনু মং।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কমল জ্যোতি বড়ুয়া, প্রকৌশলী দীপু বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম, মাও সেতুং তঞ্চঙ্গ্যা, মংসাচিং, নন্দন বড়ুয়া, মুই থুই অংসুজন বড়ুয়া ও দিক্ষীত বড়ুয়া।
ড. সুকোমল বড়ুয়া তার বক্তব্যে বলেন, “১৭ বছরের আওয়ামী দুঃশাসনে দেশ মানবাধিকার লঙ্ঘন, স্বৈরশাসন ও কর্তৃত্ববাদী নীতির শিকার হয়েছে। আজ দেশের সংকটময় সময়ে সব সম্প্রদায়ের মানুষকে একত্র হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম অঞ্চল বৌদ্ধদের ঐতিহ্যবাহী বসবাসের এলাকা। বিএনপি বিশ্বাস করে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রের সমান অধিকার পাবে। দেশে আজ সন্ত্রাস, দুর্নীতি ও অরাজকতার রাজত্ব চলছে। এসব বন্ধ করে শান্তি ও সহমর্মিতার সমাজ গঠন করতে হবে।”
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনই এখন সময়ের দাবি।

-পার্বত্য সময়