সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রতিষ্ঠাতা প্রসীত খীসার মৃত্যুর খবর ভাইরাল হয়েছে। তবে খবরটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৫ অক্টোবর) 'পার্বত্য জুম্ম নিউজ' নামের একটি ফেসবুক পেজ থেকে প্রসীত খীসার মৃত্যুর খবরটি প্রকাশিত হয়।
ওই ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১২:৩৮ মিনিটে এই ইউপিডিএফ নেতা মৃত্যুবরণ করেন। স্ট্রোকের কারণে এই নেতার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
ইউপিডিএফকে 'অরাজনৈতিক' সংগঠন দাবি করে ওই ফেসবুক পোস্টে জানানো হয়েছে, তার মৃত্যুর খবর গোপন রাখা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে। 
কেন এখনও তার মৃত্যুর খবরটি গোপন রাখা হয়েছে। তবে এমন খবর  ধামাচাপার কারণ স্পষ্ট করা হয়নি।
একইসাথে ওই পোস্টে ইউপিডিএফ'র প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেও কেন তিনি যথেষ্ট সম্মান পাননি এবং তার অকাল মৃত্যুতে কেন গভীর শোক প্রকাশ করা হয়নি, এ বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলা হয়।
তবে এমন খবরে সত্যতা যাচাইয়ের জন্য প্রসীত খীসার ঘনিষ্ঠ মহলের কয়েকজনের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে সদুত্তর মেলেনি। তবে পার্বত্য চট্টগ্রামে এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধিতা করে পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি প্রসীত বিকাশ খীসার নেতৃত্বে আত্মপ্রকাশ করে পাহাড়ের দ্বিতীয় আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ। প্রতিষ্ঠার পর থেকেই সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএস) সঙ্গে সশস্ত্র সংঘাতে  জড়িয়ে পড়ে। প্রায়শই দু-পক্ষের বিরোধের খবর মিডিয়াতে প্রকাশিত হয়। পাহাড়ে অশান্তির নেপথ্যে প্রসীত খীসার হাত আছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করে।

-পার্বত্য সময়