বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের কোনো স্থান বিএনপিতে নেই। শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠা বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে আলীকদম বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচিটি পাহাড়ি-বাঙালির মিলনমেলায় রূপ নেয়।
মো. জাবেদ রেজা বলেন, “বান্দরবান হলো সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা—সবই বাংলাদেশের সম্পদ। বিএনপির নামে কেউ চাঁদাবাজি বা দখল বাণিজ্যে জড়ালে ছাড় দেওয়া হবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার ও আবিদুর রহমান, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ, বিএনপি নেতা সেলিম রেজা, আইয়ুব খান, সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, আব্দুল হামিদ, মো. মনসুর আলম ও জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
কর্মসূচিকে ঘিরে চারটি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। পরে জেলা বিএনপির নেতৃত্বে বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলীকদম বাজারে গিয়ে শেষ হয়।

-পার্বত্য সময়