টানা বৃষ্টি, পাহাড় ধস আর উজানি ঢলে কাপ্তাই হ্রদ ফুলে–ফেঁপে উঠেছে। পানির চাপে ডুবে গেছে রাঙামাটির প্রতীক ঝুলন্ত সেতু। ফলে পর্যটকশূন্য হয়ে পড়েছে পাহাড়ি এ জেলা।
শুক্রবারসহ ছুটির দিনগুলোয় সাধারণত রাঙামাটি পর্যটকে মুখর থাকে। কিন্তু এখন নেই কোনো ভ্রমণপিপাসুর আনাগোনা। পর্যটন কমপ্লেক্সের গেটে ঝুলছে নিষেধাজ্ঞার নোটিস, বন্ধ টিকিট কাউন্টার। পার্কিং জোন খোলা থাকলেও কর্মীরা বেকার সময় কাটাচ্ছেন। ঘাটে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ট্যুরিস্ট বোটগুলোও যাত্রীশূন্য।
রাঙামাটি পর্যটক ঘাটের ট্যুরিস্ট বোট মানিক সমিতির ব্যবস্থাপক ফকরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঘাটে প্রায় ১০০টি ট্যুরিস্ট বোট আছে। কিন্তু পর্যটক না থাকায় চালকেরা কর্মহীন হয়ে পড়েছেন।”
রাঙামাটি পর্যটক কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, “ঝুলন্ত সেতু ডুবে থাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে পর্যটন খাতে রাজস্ব আয়ও কমে গেছে।”
পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ী ও নৌচালকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন।

-পার্বত্য সময়