খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন এসেছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন মিয়াজি এবং স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আবেদনগুলো গ্রহণ করা হয়েছে। তিনি জানান, বর্তমানে খাগড়াছড়ি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১১ জন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাগড়াছড়ির একমাত্র সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এনপিপি ছাড়া ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পরে মনোনয়নপত্র প্রত্যাহারের পর চূড়ান্তভাবে ১১ জন প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।