আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রকাশিত তালিকায় মোট ৩৬ জন মনোনীত প্রার্থীর মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে তিনজন নারী নেত্রী মনোনয়ন পেয়েছেন।

দলটির প্রেস উইং সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে বান্দরবানের মাধবী মারমা এবং কক্সবাজার জেলা থেকে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না দলীয় মনোনয়ন লাভ করেছেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। তার শ্বশুরবাড়ি পটিয়া পৌরসভার দক্ষিণঘাটা গ্রামে। তার স্বামী বাহাউদ্দীন পটিয়ার একটি সুপরিচিত ব্যবসায়ী পরিবারের সন্তান। শাকিলার পিতা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলম বিএনপির মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

অন্যদিকে, কক্সবাজার থেকে মনোনীত অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না দীর্ঘ দেড় যুগ ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মনোনয়নের খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আইন পেশায় সফলতার কারণে তিনি তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ে গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।

এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাতজন উপজাতি নারী। গত ১৯ এপ্রিল তারা বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে ফরম উত্তোলন করেন। এদের মধ্যে ছিলেন শুভ্রা বান্ত্রা, মাধবী মারমা, লাকী তঞ্চঙ্গা, চন্দ্রা চাকমা, থেংচি তিসা সাংমা, সুচরিতা মানখিন এবং নোরী খীসা।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে পার্বত্য অঞ্চলের প্রতিনিধি হিসেবে মাধবী মারমাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, সংরক্ষিত নারী আসনে অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং সাংগঠনিকভাবে সক্রিয় নেত্রীদের প্রাধান্য দিয়েই এবারের তালিকা প্রস্তুত করা হয়েছে।