ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবারে শিক্ষার্থীদের নজর কাড়ছেন অবাঙালি প্রার্থীরা। ১০টি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে জমজমাট এই নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এনেছে ভিন্ন মাত্রা।
মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। শিক্ষার্থীরা বলছেন, ধর্ম-বর্ণ বা দল-মতের কোনও বৈষম্য ছাড়াই এ ধরনের অংশগ্রহণ ডাকসু নির্বাচনের স্বাভাবিক ও গুণগত মান বৃদ্ধি করছে।
ছাত্রদলের প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে লড়বেন অবাঙালি শিক্ষার্থী চিম চিম্যা চাকমা। ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলে সদস্য পদে রয়েছেন অবাঙালি শিক্ষার্থী সর্ব মিত্র চাকমা। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন সুর্মী চাকমা এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লড়বেন রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা। বাম সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’-এ ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রয়েছেন লিটন ত্রিপুরা, সদস্য পদে আছেন পৃথিং মারমা ও হেমা চাকমা।
বাকি ছয়টি প্যানেলে অবাঙালি শিক্ষার্থীর অংশগ্রহণ নেই। এই প্যানেলগুলো হলো—‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’, ‘ডাকসু ফর চেন্জ’, ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ এবং ‘সম্মিলিত ছাত্র ঐক্য’।
এবারের নির্বাচনে বিশেষভাবে আলোচনায় আছেন তিন পাহাড়ি কন্যা- রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা (রাঙ্গামাটি, রাজস্থলী), হেমা চাকমা (খাগড়াছড়ি, পানছড়ি) এবং সুর্মী চাকমা (খাগড়াছড়ি, মানিকছড়ি)। তারা বিভিন্ন প্যানেল থেকে গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেল থেকে ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে লড়বেন রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা এবং 'কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক' পদে লড়বেন সুর্মী চাকমা। অন্যদিকে, বাম সংগঠনগুলোর প্যানেল 'প্রতিরোধ পর্ষদ' থেকে সদস্য পদে লড়বেন হেমা চাকমা।
শিক্ষার্থীরা বলছেন, এই অংশগ্রহণ প্রমাণ করছে যে ডাকসু নির্বাচনে অবাঙালি শিক্ষার্থীরাও সমানভাবে নেতৃত্বের জন্য অংশ নিতে পারেন এবং নির্বাচনে ভিন্ন মাত্রা আনতে পারেন।
-পার্বত্য সময়


