বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুতকৃত ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) রাতে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, শুক্রবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সোনাইছড়ি এলাকা থেকে ৩৯৫ লিটার অবৈধভাবে মজুতকৃত অকটেন জব্দ করা হয়।
পরে টাইম বাজার এলাকা থেকে আরও ২০ বস্তা ইউরিয়া সার ও ৪ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব জ্বালানি তেল ও সার সীমান্তপথে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


