বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়ার জঙ্গলে অভিযান চালিয়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি আস্তানা থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রুমা জোন সদর হতে টহল দল মুনলাই পাড়ায় কেএনএ এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। কেএনএফ এর অবস্থান রয়েছে তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। পরবর্তীতে অভিযান দলটি মুনলাই পাড়া উত্তর পশ্চিমে এবং বৈথানি পাড়া থেকে পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই আমবাগানে অবস্থিত কেএনএ’র টং ঘরকে লক্ষ্য করে অভিযান শুরু করে। এ সময় কেএনএ সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান দলটি উক্ত এলাকা তল্লাশি করে ০১ টি এসএমজি (ম্যাগজিন সহ), ২ টি গাদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), বাইনোকুলার, ওয়াকিটকি সেট, কেএনএ ইউনিফর্ম, বুট, হ্যান্ডকাফও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করে।
এ অভিযানে কোনো প্রকার আটক ও হতাহতের ঘটনা সংঘটিত হয়নি বলে জানা গেছে।
-পার্বত্য সময়


