বান্দরবান জেলায় সব ধরনের অবৈধ ও অননুমোদিত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৪ আগস্ট) শামীম আরা রিনি এই গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এবং মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের নির্দেশনার আলোকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরও একই ধরনের নির্দেশনা জারি করেছিল জেলা প্রশাসন। সে সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক অবৈধ ইটভাটা ধ্বংস ও মালিকদের জরিমানা করা হয়েছিল।
-পার্বত্য সময়


