চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট এলাকায় আবারও বিপুল পরিমাণ সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)–এর ইউনিফর্ম সদৃশ পোশাক জব্দ করেছে পুলিশ। সোমবার (২৬ মে) রাতে একটি গুদামে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ১১ হাজার ৭৮৫টি ইউনিফর্ম জব্দ করেছে।
এ বিষয়ে নগর পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি না হলেও, একাধিক দায়িত্বশীল পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এই পোশাকগুলো সম্প্রতি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জব্দ হওয়া কেএনএফের ২০ হাজার ৩০০টি ইউনিফর্মের মতোই দেখতে।
এর আগে গত ১৭ মে, একই থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা থেকে ডিবি পুলিশ ২০ হাজারেরও বেশি কেএনএফের পোশাক জব্দ করে এবং কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করে। ওই মামলায় তদন্তে উঠে আসে, মংহলাসিন মারমা ওরফে মং নামে একজনের কাছ থেকে দুই কোটি টাকার চুক্তিতে ইউনিফর্ম তৈরির ক্রয়াদেশ নেওয়া হয়েছিল।
সাম্প্রতিক জব্দকৃত নতুন ১১ হাজার ইউনিফর্মের সঙ্গে পূর্বের মামলার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে গোয়েন্দা সংস্থা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
ঘটনার বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সংবাদমাধ্যম সারাবাংলাকে বলেন, “আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।”
উল্লেখ্য, পার্বত্য বান্দরবানের রুমা ও থানচি এলাকায় কেএনএফ সাম্প্রতিক সময়ে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা সোনালী ব্যাংকে সংঘটিত ডাকাতি, সেনা টহলের ওপর হামলা, অপহরণ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখার মতো ঘটনা ঘটিয়েছে। এমন প্রেক্ষাপটে শহরের বুকে এই ধরনের ইউনিফর্মের বড় মজুদ পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
-পার্বত্য সময়


