খাগড়াছড়ি জেলার কলেজ পাড়া, উপালি পাড়া এবং তালুকদার পাড়ার বাসিন্দারা সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগী হয়েছেন। জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করার পরিপ্রেক্ষিতে এ তিন পাড়ার উপজাতি ও বাঙালি সম্প্রদায়ের মানুষ একযোগে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিজ্ঞা করেছেন।
গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় সকলে মিলে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু এই তিন পাড়া নয়, জেলার বিভিন্ন এলাকায়ও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুধীন কুমার চাকমা মনে করেন, উপজাতি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে ধরে রাখা জরুরি। তিনি মনে করেন, প্রতিটি পাড়ায় এ ধরনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা সম্ভব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন এবং অন্যান্য পাড়াগুলোকেও এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জামাল উদ্দিন নামে এক ফেসবুক ব্যবহারকারী মনে করেন, পাড়ায় পাড়ায় সম্প্রীতি সভা করার মাধ্যমে সন্ত্রাস ও ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। এতে মানুষের মধ্যে সচেতনতা ও আস্থা বাড়বে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে সাম্প্রতিক ঘটনাগুলির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, ৭২ ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে।
-পার্বত্য সময়

