কোনো ধরনের সরকারি বেতন না নেয়ার ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মন্ত্রিসভার সদস্যরা। মূলত দেশের আর্থিক সংকটের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (২০ মার্চ) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় পাক মন্ত্রিসভা।
দেশটির গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর। বলা হচ্ছে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইতিমধ্যে পাকিস্তানে সরকারি খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। এই সংকটের কারণে পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন লোন প্রয়োজন হয়ে পড়েছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও একই কারণে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন।
-পার্বত্য সময়

