প্রেমের টানে বিয়ে করতে খাগড়াছড়ি এলেন পাকিস্তানী যুবক। আর এই যুবককে দেখতে কনের বাড়িতে প্রতিদিনই ভিড় করছে স্থানীয়রা।
জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৮ মাস আগে পরিচয় হয় খাগড়াছড়ির মাটিরাঙার বেলছড়ি ইউনিয়নের উত্তর পাড়ার আবুল হোসেনের মেয়ে তাহমিনা আক্তার বৃষ্টি ও পাকিস্তানী যুবক আলিমের। পরিচয় থেকে মন দেয়া নেয়া হলে প্রেমিকার টানে গত ১১ ডিসেম্বর বাংলাদেশে ছুটে আসে আলিম। ১৯ ডিসেম্বর খাগড়াছড়িতে কোর্ট ম্যারেজ করেন এবং ২২ ডিসেম্বর মাটিরাঙায় কনে বৃষ্টির গ্রামে সামাজিকভাবে বিবাহের আয়োজন করা হয়। বর্তমানে পাকিস্তানী এ নাগরিক মাটিরাঙার শ্বশুড় বাড়িতে অবস্থান করছেন।
বৃষ্টির বাবা আবুল হোসেন জানান, ভিনদেশীর সাথে মেয়ের সম্পর্ক প্রথমে মেনে না নিলেও পরে সবার অনুরোধ মানতে বাধ্য হয়েছেন। এখন মেয়ে ও মেয়ের জামাই বাড়িতে রয়েছেন। প্রতিদিন অনেকে জামাই দেখতে আসছেন বলেও জানান তিনি।
পাকিস্তানী যুবক আলিম উদ্দিন জানান, বৃষ্টিকে ভালোবাসেন তিনি। তার পরিবার বৃষ্টির সম্পর্কে জানেন। প্রক্রিয়া মেনে স্ত্রীকে নিয়ে তিনি পাকিস্তান চলে যাবেন।
মাটিরাঙার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক ইসলাম জানান, পাকিস্তানী যুবক মাটিরাঙায় বিয়ে করেছেন বলে শুনেছি। এ বিষয়ে খবর নেয়া হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামে বিদেশী নাগরিকের ভ্রমণ ও অবস্থানের ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমোদন নেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন মাটিরাঙার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
- -পার্বত্য সময়


