ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) কো-চেয়ার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পল্লব চাকমা। বর্তমানে তিনি চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের এনজিও কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। কাপেং ফাউন্ডেশন আইএলসি’র সদস্য সংস্থা।
সম্প্রতি ভূমি বিষয়ক আন্তর্জাতিক এই জোটের কাউন্সিল প্রতিনিধিদের ভোটে কো-চেয়ার নির্বাচিত হয়ে পল্লব চাকমা ২০২৫-২০২৭ সময়কালের জন্য এই দায়িত্ব পালন করবেন। বিগত তিন বছর তিনি এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই কোয়ালিশনের নীতিনির্ধারনী পরিষদে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন (আইএলসি) হলো সুশীল সমাজ, কৃষক সংগঠন, জাতিসংঘ সংস্থা, এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠানের একটি বৈশ্বিক জোট। এর মিশন দরিদ্র নারী-পুরুষের জন্য জমিতে নিরাপদ ও ন্যায়সঙ্গত অ্যাক্সেস নিশ্চিত করা এবং এর দৃষ্টিভঙ্গি হলো জমির ন্যায়সঙ্গত ব্যবহার দারিদ্র্য হ্রাস ও মর্যাদা বাড়াতে সহায়তা করে। আইএলসি'র সদর দপ্তর রোমে অবস্থিত এবং এটি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভোলোপমেন্ট (আইএফএডি) দ্বারা পরিচালিত হয়।
বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিষ্পত্তি নিয়ে আলোচনা তুঙ্গে, সেই সময়ে পল্লব চাকমার এই পদবী ব্যবহার করে এমন জাতীয় ইস্যুতে প্রভাব বিস্তার করতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
-পার্বত্য সময়


