বান্দরবানের ম্রো শিশু ও সম্প্রদায়ভুক্ত সদস্যদের অংশগ্রহণে রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘পাওমুম পার্বণ ২০২৫’। বুধবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজকেরা জানান, উৎসবটির মাধ্যমে ম্রো জনগোষ্ঠীর ভাষা, শিল্পকলা, সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। একই সঙ্গে রাজধানীতে প্রথমবারের মতো অবাঙালি শিশুদের সৃজনশীল কাজ প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে।

লামা উপজেলায় অবস্থিত পাওমুম থারক্লা একটি সম্প্রদায়ভিত্তিক বিদ্যালয়, যা গত এক দশকের বেশি সময় ধরে ম্রো ভাষা, সংস্কৃতি ও শিশু শিক্ষার উন্নয়নে কাজ করে আসছে। উৎসবে অংশ নেওয়া অনেক শিশুর জন্য এটি পাহাড়ের বাইরে প্রথম অভিজ্ঞতা।

উৎসবে শিশুদের তৈরি চিত্রকর্ম, বাঁশের কারুশিল্প, ফটোগ্রাফি, বুননকর্মের প্রদর্শনী ছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি ম্রো নৃত্য, গান ও ঐতিহ্যবাহী প্লাং বাঁশির লাইভ পরিবেশনা রয়েছে। সপ্তাহজুড়ে কর্মশালা, গাইডেড ট্যুর এবং সম্প্রদায়ভিত্তিক সংলাপও অনুষ্ঠিত হবে।

পাওমুম থারক্লার সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার পারভেজ বলেন, আমাদের স্কুলটি শুরু হয়েছিল একটি ছোট বাঁশের ঝুপড়িতে, মাত্র কয়েকজন শিশু নিয়ে। গত এক দশকের বেশি সময় ধরে আমরা শিক্ষার মাধ্যমে ম্রো শিশুদের ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার কাজ করছি।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত (রোববার বন্ধ) এই উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি শিশু ও সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবে এবং ম্রো জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবে।