ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য বিজয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি।
সমিতির সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, “ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে আমাদের সমিতির অন্যতম সদস্য আবু সাদিক কায়েমের ভিপি পদে বিজয় পাহাড়ি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, এই সাফল্য প্রমাণ করেছে- পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা আর পিছিয়ে নেই। যথাযথ সুযোগ পেলে পাহাড়ের সন্তানরাও জাতীয় পর্যায়ে তাদের মেধা, নেতৃত্ব ও দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম। সংগঠনটির মতে, এবারের জয় কেবল আবু সাদিক কায়েম, এস. এম. ফরহাদ, হেমা চাকমা, সর্বমিত্র চাকমা বা অন্যান্য বিজয়ীদের ব্যক্তিগত অর্জন নয়; এটি সমগ্র পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।
পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা আশা প্রকাশ করেছে যে, ডাকসুর নবনির্বাচিত নেতৃত্ব পাহাড়ি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং জাতীয় অঙ্গনে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। সংগঠনটি নতুন কমিটির প্রতি সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—ভিপি পদে আবু সাদিক কায়েম, জিএস পদে এস. এম. ফরহাদ, সদস্য পদে হেমা চাকমা ও সর্বমিত্র চাকমা, এবং কবি জসীমউদ্দিন হলের রিডিং রুম সম্পাদক কামরুল হাসান।

-পার্বত্য সময়