পার্বত্য চট্টগ্রামের কফি ও কাজুবাদামকে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। 
রোববার (৯ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই অঞ্চলের কৃষি পণ্যগুলোকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাজারজাত করার পাশাপাশি ফলমূল ও শাকসবজিও প্রক্রিয়াজাত করে বিক্রি করতে হবে। এছাড়াও, পরিবেশের ভারসাম্য রক্ষায় হর্টিকালচার উন্নয়ন এবং বাঁশের চাষ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। 
সুপ্রদীপ চাকমা আরও উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিজ্ঞান, গণিত ও পদার্থবিদ্যা বিষয়ে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও, তিনি রোজেলা চায়ের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন, যা মানুষের কাছে একটি আকর্ষণীয় পানীয় হিসেবে পরিচিতি পেতে পারে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম এবং মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।