বাজারফান্ড এলাকার জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ সুবিধা চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এসময় স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের হাতে তুলে দেন তারা।
প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাঙামাটি জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, প্রশাসনিক জটিলতার কারণে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাজারফান্ড এলাকার জমি বন্ধক রেখে দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে না। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মূলধন সংকটে ভুগছেন, ব্যবসার পরিধি সীমিত হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, বরং বেকারত্ব বাড়ছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালে রাঙামাটির তৎকালীন জেলা প্রশাসক বাজারফান্ড এলাকার ভূমি রেজিস্ট্রির মিউটেশন মামলা স্থগিত করেন। পরবর্তীতে তা সাময়িকভাবে চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়ে যায়। এরপর থেকে ব্যবসায়ীরা আর ব্যাংক ঋণ সুবিধা পাচ্ছেন না।
পিসিসিপি নেতাদের অভিযোগ, এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন না হলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।
-পার্বত্য সময়


