পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি প্রেসক্লাবের হল রুমে আয়োজিত জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য আরিয়ান রিয়াজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান। প্রধান বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ এবং বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোরশেদা আক্তারসহ জেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।
সভা শেষে পিসিসিপি কেন্দ্রীয়, জেলা, পিসিএনপি ও মহিলা পরিষদের নেতাদের যৌথ স্বাক্ষরে ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মো. তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে পারভেজ মোশাররফ হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা নেতৃত্বের কাছে জমা দিতে হবে। যাচাই শেষে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
সভায় বক্তারা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার প্রধান অন্তরায় সশস্ত্র সন্ত্রাস। দেশি-বিদেশি চক্রের সহায়তায় সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান থাকায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার, ষড়যন্ত্রকারীদের হস্তক্ষেপ বন্ধ এবং বাঙালি-অবাঙালি সবার মধ্যে আস্থা ও সমঅধিকার নিশ্চিত করতে পারলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
-পার্বত্য সময়


