প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল (১৩ অক্টোবর) বান্দরবানে ডাক দেওয়া হরতাল স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)। রোববার ( ১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ বাতিল, রাজার সনদ ও চিহ্নিত জনপদ বিলুপ্তি, সেনা ক্যাম্প পুনঃস্থাপনসহ আট দফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছিল সংগঠনটি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর ওই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের মধ্যেই আট দফা দাবির যৌক্তিক দিকগুলো নিয়ে সর্বস্তরের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষদের উপস্থিতিতে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা শেষে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

পিসিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান বলেন, “আমরা প্রশাসনের আশ্বাসে এই মুহূর্তে হরতাল স্থগিত করেছি। তবে দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হব।”

সংগঠনের দপ্তর সম্পাদক মো. শাহ জালাল বলেন, “আলোচনার ভিত্তিতে যৌক্তিক দাবি মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাসে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি।”