বাংলাদেশে বসে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইট পরিচালনার অভিযোগে আলোচিত সেই পর্নো-তারকা দম্পতিকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, দম্পতিটি নিয়মিতভাবে বিদেশভিত্তিক একটি ওয়েবসাইটে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি ও আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো চ্যানেলগুলোর মধ্যে শীর্ষস্থানে উঠে আসে। সিআইডির একটি বিশেষ টিম বান্দরবান থেকে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তদন্ত সূত্রে জানা গেছে, ওই দম্পতি বাংলাদেশের ভেতরেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন। এসব কনটেন্ট থেকে তারা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছিলেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন, প্রকাশ বা বিতরণ একটি ফৌজদারি অপরাধ। আইন অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এই দম্পতি শুধু নিজেরাই পর্নোগ্রাফি তৈরি করছিলেন না, বরং অন্যদেরও এ ধরনের কাজে যুক্ত হতে উৎসাহিত করতেন। ফলে দেশে বসে পর্নো ভিডিও তৈরি ও প্রচারের একটি অনানুষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি ‘দ্য ডিসেন্ট’ নামের একটি অনলাইন সংবাদমাধ্যমে তাদের কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান প্রকাশিত হলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।