পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজিত হতে যাওয়া ‘পার্বত্য মেলা ও তারুণ্য উৎসব–২০২৬’ আপাতত স্থগিত করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চার দিনব্যাপী এই মেলা ও উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি মেলা শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, মেলার প্রতিদিন সন্ধ্যায় পার্বত্য অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তবে কী কারণে মেলাটি স্থগিত করা হয়েছে এবং নতুন সময়সূচি কবে ঘোষণা করা হবে- এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


