আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব শামীম আরা রিনি।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার বান্দরবান মোঃ শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুরুল হক,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবানের আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জসিম উদ্দিন তুষার, সার্বজনীন কেন্দ্রীয় দূর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবানের সভাপতি রাজেশ্বর দাস বিপ্লব ও সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু; বান্দরবান কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি অঞ্জন কান্তি দাসসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও জেলার সব উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্যরা।
সভায় আসন্ন পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, পানি সরবরাহ, পরিবহন ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জেলার বিভিন্ন মণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় প্রায় ৬০ থেকে ৭০ জন অংশগ্রহণ করেন।

-পার্বত্য সময়