রাঙামাটি জেলা কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
কারা সূত্র জানায়, বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর ও চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন। তিনি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা।
জেলা কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার বলেন, “অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”