বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রথটানা উৎসব। নানা রঙে সাজানো রথ, আগরবাতি-মোমবাতির আলো, ফানুসে ভরা আকাশ—সব মিলিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) উৎসবের শেষ দিনে মেতে ওঠে বান্দরবান শহরের উজানী পাড়া ও মধ্যমপাড়া এলাকা।

রথের মাঝখানে স্থাপিত স্বর্ণখচিত বুদ্ধমূর্তিকে আগরবাতি ও মোমবাতি জ্বালিয়ে সম্মান জানায় নারী-পুরুষ, শিশুসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ। কেউ উৎসর্গ করছে দান, কেউবা প্রার্থনায় মগ্ন। সন্ধ্যা নামতেই রঙিন ফানুসে ভরে ওঠে বান্দরবানের আকাশ।

উৎসবের আরেকটি আকর্ষণ ছিল কাগজ ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ‘ভূত-প্রেত’ আকৃতির প্রতিমা—যা স্থানীয় তরুণরা শিশু ও সাধারণ মানুষকে মজা করে ভয় দেখিয়ে আনন্দ দিচ্ছিল।

বিকেলে উজানীপাড়া বৌদ্ধ মন্দির থেকে শুরু হওয়া রথযাত্রা মধ্যমপাড়া ও উজানীপাড়া প্রদক্ষিণ করে রাতে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উৎসব উদযাপন কমিটির এক সদস্য জানান, “এবার সীমিত পরিসরে আয়োজন করা হলেও মানুষের উৎসাহ ছিল অন্য বছরের চেয়ে বেশি। তরুণ-তরুণীরা নেচে গেয়ে রথের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়েছে।”

বৌদ্ধ ধর্মের অন্যতম এই পূর্ণিমা উৎসব মারমা জনগোষ্ঠীর কাছে পরিচিত ‘ওয়াগ্যোয়ে’ নামে। তিন মাস বর্ষাবাস শেষে ভিক্ষুদের আনুষ্ঠানিকভাবে বর্ষাবাস সমাপ্তি ও আত্মশুদ্ধির প্রতীক হিসেবে প্রবারণা পূর্ণিমা পালন করা হয়।

উৎসবে থাকে রথযাত্রা, ফানুস উড়ানো, পিঠা তৈরি ও পূজা-পার্বণ। বারোটি নৃগোষ্ঠীর সহাবস্থানে বান্দরবানের এই উৎসব হয়ে ওঠে বৈচিত্র্যময়, সাম্প্রদায়িক সম্প্রীতির এক রঙিন প্রতিচ্ছবি।