দুর্গম পাহাড়ি জনপদ খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রফুল্লপাড়ায় শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও নিরাপদ পানির সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামতের পাশাপাশি স্থাপন করা হয়েছে সৌরচালিত পানির পাম্প ও পানির ট্যাংক।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। বিশেষ করে শুষ্ক মৌসুমে দূরবর্তী উৎস থেকে পানি সংগ্রহ করতে হয় স্থানীয়দের। এতে সময় ও শ্রম দুটোই ব্যয় হয়। সৌরচালিত পাম্প স্থাপনের ফলে এ দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, সৌরশক্তির মাধ্যমে পরিচালিত পাম্প থেকে পাইপলাইনের সাহায্যে দুটি পাড়ায় পানি সরবরাহ করা হবে। এ ব্যবস্থার আওতায় প্রফুল্লপাড়ার অর্ধশতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে।
অন্যদিকে, প্রফুল্লপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কার ও মেরামতের ফলে বিদ্যালয়ের অবকাঠামো আরও নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব হয়েছে। দুর্গম এলাকার শিশুদের পড়াশোনার পরিবেশেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়টি সংস্কারের আগে নানা ধরনের অবকাঠামোগত সীমাবদ্ধতা ছিল। এখন শিক্ষার্থীদের জন্য পরিবেশ অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। একই সঙ্গে পানির পাম্প চালু হওয়ায় পরিবারের সদস্যদের দূর থেকে পানি সংগ্রহের কষ্টও কমবে।
মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নেওয়া এসব উদ্যোগ পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে।
স্থানীয়দের প্রত্যাশা, বিদ্যালয় সংস্কার ও সৌরশক্তিনির্ভর পানি সরবরাহ ব্যবস্থা চালুর ফলে দুর্গম এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি আসবে। পাশাপাশি শিশুদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত হয়ে শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়বে।


