বান্দরবানের আলীকদমে ম্রো জনগোষ্ঠী এবং খাগড়াছড়ির কমলছড়িতে পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা ও ভূমি বেদখলের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে এ সমাবেশ হয়। এসময় হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন কূর্ণিকোভা চাকমা। তিনি বলেন, গত ১৭ জানুয়ারি আলীকদম উপজেলার তিন নম্বর ইউনিয়নের জানালী পাড়ায় রোহিঙ্গা ও 'সেটেলার' বাঙালিদের দুই দফা হামলায় ১৮ জনের বেশি সাধারণ ম্রো গুরুতর আহত হন। এক্ষেত্রে পুলিশের বিভ্রান্তিকর আচরণ ও নীরবতা পাহাড়িদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে।
কূর্ণিকোভা চাকমা আরও জানান, কমলছড়ির খালপাড় এলাকায় গত ১৪ জানুয়ারি ‘সেটেলার’ বাঙালিদের হামলায় তিনজন পাহাড়ি গুরুতর আহত হন। তাদের মধ্যে বিমল ত্রিপুরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
সমাবেশ থেকে চার দফা দাবি জানানো হয়। সেগুলো হলো- দুটি ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি, পাহাড়িদের নিরাপত্তা ও ভূমি অধিকার নিশ্চিতকরণ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করা।
এসময় উপস্থিত ছিলেন জেএসএস (সন্তু) কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যাঁ এবং মার্মা স্টুডেন্টস্ কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশৈচিং মার্মা। এছাড়াও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা ও সাধারণ সম্পাদক হ্লামংচিং মার্মা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শর্মী চাকমা উপস্থিত ছিলেন।


