রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় বাঙ্গালি জনগণ। সোমবার (১৯ মে) বিকেলে বাঘাইহাট বাজারে বাঘাইহাট জীপ মালিক সমিতির ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সম্প্রতি আবারও চাঁদাবাজি, হুমকি ও নির্যাতনের মাধ্যমে সাধারণ বাঙ্গালিদের জীবন দুর্বিষহ করে তুলেছে। বক্তারা জানান, ১৭ মে থেকে সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকায় জীপ মালিক সমিতির একটি গাড়ি আটক করে রেখেছে সংগঠনের সদস্যরা এবং সেটি আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
তারা আরও বলেন, ইউপিডিএফ কর্তৃক বাঙ্গালি চালক ও মালিকদের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপের কারণে বহু পরিবার মানবিক সংকটে পড়েছে। বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের পর রাষ্ট্রীয় দুর্বলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা এদের সাহস জুগিয়েছে।”
বিক্ষোভকারীরা ইউপিডিএফকে একটি উগ্র সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে এর কার্যক্রম নিষিদ্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা পাহাড়ের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বাঘাইহাট জীপ মালিক সমিতির সদস্যরা বলেন, “আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই। কিন্তু এখন অস্ত্রের মুখে চলতে হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।”
উল্লেখ্য, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র চাঁদাবাজি, অপহরণ, নির্যাতন ও খুন-জখমের অভিযোগে অভিযুক্ত। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরীহ সদস্যরাও এই সংগঠনের নিপীড়নের শিকার বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এদের কার্যক্রম অব্যাহত থাকলে পাহাড়ে নতুন করে সহিংসতা ও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। স্থানীয় জনগণ প্রশাসনের হস্তক্ষেপ এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

-পার্বত্য সময়