খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের রামগড় অংশের বেহাল অবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন ও ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়ক খালখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শুধু স্থানীয় বাসিন্দাই নয়, সাজেকসহ পার্বত্য চট্টগ্রামে যাওয়া পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিবাদকারীরা জানান, সড়কের বেহাল দশার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা এভাবে প্রতিবাদ জানাতে মাঠে নেমেছেন।
মানববন্ধনে অংশ নিয়ে রামগড়ের সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মহিউদ্দিন হারুন বলেন, “প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এই সড়কে। এর দুই পাশে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। অথচ বারবার আশ্বাস দেওয়ার পরও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে আগামীতে রামগড়বাসী আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
-পার্বত্য সময়


