জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের ২৫ তম সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ‘বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য’ উপস্থাপনের অভিযোগে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর কাঠালতলী এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বনরুপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক ওই ফোরামে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে ‘ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত’ তথ্য তুলে ধরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তারা বলেন, যখনই পাহাড়ে স্থিতিশীল পরিবেশ বিরাজ করে, তখনই একটি গোষ্ঠী পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করে।

সমাবেশে সন্তু লারমা ও তার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। বক্তারা দাবি করেন, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির মাধ্যমে পাহাড়ে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, ‘আদিবাসী’ ইস্যু ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

সমাবেশ থেকে যারা দেশ, সরকার ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে ‘মিথ্যাচার’ করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।