রাঙামাটিতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ৫ শতাংশ কোটা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন।
বুধবার সকালে ৬৩তম জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে পুনরায় একই স্থানে সমাবেশে পরিণত হয়।
৫ শতাংশ কোটা দাবির পাশাপাশি সমাবেশে বক্তারা পাহাড়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দক্ষ শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের দাবি জানান। তারা অভিযোগ করেন, জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন চলছে। এমনকি অনেক শিক্ষক নিয়মিত স্কুলে না গিয়ে বর্গাচুক্তির মাধ্যমে বেতন তুলছেন—এদের চিহ্নিত করে নিয়োগ বাতিলের আহ্বান জানান বক্তারা।
হিল উইমেন্স ফেডারেশনের জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক চন্দ্রিকা চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ের মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের দাবি—চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করা হোক।

-পার্বত্য সময়