বান্দরবান জেলার আলীকদম উপজেলায় প্রায় সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়া এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় কৃষকরা অজগরটিকে দেখতে পান। পরে ক্ষেতের চারপাশে দেওয়া জালে সাপটি আটকে গেলে স্থানীয়রা বন বিভাগে খবর দেন।
খবর পেয়ে লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিনের নির্দেশে বিট কর্মকর্তা মো. রনি পারভেজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।
বাসসের খবরে বলা হয়- বিট কর্মকর্তা রনি পারভেজ বলেন, “অজগরটি সুস্থ রয়েছে। উদ্ধার শেষে সেটিকে মাতামুহুরী রিজার্ভ এলাকার তুলাতলি সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।”
লামা বিভাগীয় বন কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার সম্ভব হয়েছে। বর্তমানে অজগরটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় সংরক্ষিত বনে রয়েছে।

-পার্বত্য সময়