রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় চারটি একাডেমিক ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিতা কেটে ভবনগুলোর নির্মাণ কাজের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. আতিয়ার রহমান।
ভবনগুলোর নির্মাণকাজ উদ্বোধনকালে ভিসি বলেন, “আজ আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এগিয়ে নিতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। একাডেমিক ভবনের নির্মাণকাজ শেষ হলে ২০২৬ সালের মাঝামাঝি রাবিপ্রবি অনেকাংশে পরিপূর্ণতা লাভ করবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর জানান, ১৬৪ কোটি ৩০ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশন কর্তৃক ২য় সংশোধিত প্রকল্পটি অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় নির্মিতব্য অবকাঠামোর মধ্যে রয়েছে— ১টি প্রশাসনিক ভবন, ১টি একাডেমিক ভবন, ১টি ছাত্রী হোস্টেল, ১টি ছাত্র হোস্টেল, ১টি বৈদ্যুতিক সাব-স্টেশন, বিশ্ববিদ্যালয়ের লিংক রোড।
শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা জানান, প্রকল্পের নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ মাস। তবে, এটি ১ বছরের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিক ও নির্মাণ কার্যক্রমে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

-পার্বত্য সময়