বান্দরবানের রোয়াংছড়িতে টমটমচালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার প্রধান আসামি রাজন্ত তঞ্চঙ্গ্যাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছার।
গ্রেপ্তারকৃত রাজন্ত নাথিং ঝিরি পুনর্বাসন পাড়ার বাসিন্দা চন্দ্র কুমার তঞ্চঙ্গ্যার ছেলে। এ ঘটনায় আরেক আসামি দানিয়েল এখনো পলাতক।
গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় অমন্ত সেন তঞ্চঙ্গ্যা নিখোঁজ হওয়ার পর দুই দিন পর সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, অর্থ লেনদেনের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। জিজ্ঞাসাবাদে রাজন্ত স্বীকার করেছে, মুনাফা দেওয়ার শর্তে ভিকটিমকে সে ৩৫ হাজার টাকা দিয়েছিল। কিন্তু দীর্ঘ সাত-আট মাসেও টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করলে অমন্ত ঘটনাস্থলেই মারা যান। পরে লাশ টেনে নিয়ে গিয়ে তারাছা খালে ফেলে দেওয়া হয়।

-পার্বত্য সময়