উপজাতি নারীকে ধর্ষণের অভিযোগে জেএসএস (সংস্কার) সমর্থিত পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ আগস্ট) বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ির মহাজন পাড়া থেকে শাপলাচত্বর হয়ে চেঙ্গী স্কয়ার এলাকায় শেষ হয়। পিসিপি'র জেলা শাখার সভাপতি মৃনাল চাকমা এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রামগড় উপজেলার পাতাছড়ায় উপজাতি নারী গণধর্ষণের শিকার হয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে অভিযুক্ত মোঃ ইউছুফ, মোঃ রানা ও মোঃ ফয়সালসহ জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়াও রাঙ্গামাটির বনরূপার সলক মার্কেটে ২য় শ্রেণীতে পড়ুয়া আরও এক উপজাতি ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী আটক রাইছ মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
সমাবেশে জেএসএস (সংস্কার) খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি সোহেল চাকমা, এন্টন চাকমা, সদস্য বিপাসী চাকমা, প্রত্যাসী চাকমা'সহ জেএসএস (সংস্কার) এর নেতৃত্ববৃন্দ ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, পাহাড় এবং সমতলে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ করতে হবে।
-পার্বত্য সময়

