রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা নিরূপণে একটি কমিটি গঠন হবে। কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।
রোববার (১২ জানুয়ারি) রামগড় স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, ভারত-চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টার্সে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত এ বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় স্থলবন্দর কবে চালু ও যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিন রামগড় স্থলবন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর নুর উদ্দিন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, রামগড় স্থলবন্দরের প্রকল্প পরিচালক সরওয়ার আলম, রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, ওসি মোহাম্মদ মাঈন উদ্দীন উপস্থিত ছিলেন।

-পার্বত্য সময়