চলতি বছরের আগস্টে চালু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রথম স্থলবন্দর রামগড়। এ লক্ষ্যে দুই দেশের সবধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী।
শুক্রবার দুপুরে রামগড় স্থলবন্দরে চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে অবকাঠামো উন্নয়নে বেশ কিছু নিয়ম রয়েছে। রামগড় স্থলবন্দরের অনেক উন্নয়ন কাজ করতে ভারত থেকে অনাপত্তি দিতে সময় নেয়া হয়েছে। যার কারণে স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন কাজে বিলম্বিত হচ্ছে। এখন দুই দেশ বেশ কিছু ব্যাপারে সম্মত হওয়ায় দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী আগস্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শেডের কার্যক্রম শুরু হবে। আমদানী-রপ্তানী কার্যক্রম চালুর লক্ষ্যে কাজ চলমান।
এ সময় রামগড় স্থলবন্দর প্রকল্পের পরিচালক মো. সারোয়ার আলম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন ও বিজিবি রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০২৩ সালের ১৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রামগড় স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০২১ সালের মার্চে ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ১ এর উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
-পার্বত্য সময়

