রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী পশ্চিম পাড়া ও নানিয়ারচরের বগাছড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাঘাইছড়ির বটতলী পশ্চিম পাড়ায় ৫টি বসতঘর আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হয়নি। ক্ষতিগ্রস্তদের মধ্যে মো. লাবলু, নূর জামাল, রহমত আলী, আজগর ও মো. হোসেনের নাম জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আজগর ও রহমত আলী বলেন, "হঠাৎ করেই আগুন লেগে আমাদের ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমাদের খোলা আকাশের নিচে থাকতে হবে।"
প্রত্যক্ষদর্শী আশিকুর রহমান জানান, বিকেলে একসঙ্গে পাঁচটি কাঁচা ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। তিনি বলেন, "ফায়ার সার্ভিস থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত।"
এদিকে একইদিন সকালে নানিয়ারচরের বগাছড়ি কৈলাশচন্দ্র পাড়ায় মন্টু চাকমার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নানিয়ারচর থানার ওসি নাজির আলম জানান, "পুড়ে যাওয়া ঘরের মধ্যে একটি বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। তবে আগুন লাগার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা হতে পারে।"

-পার্বত্য সময়